দেশের ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রিতে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন সংযোজন। প্রথমবারের মতো সম্পূর্ণ এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত ঐতিহাসিক ড্রামা ঘরানার ওয়েব সিরিজ ‘উমর: দ্য রাইজ অব আ লিডার’ মুক্তি পেয়েছে। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় সিরিজটির প্রথম পর্ব।
ঐতিহাসিক প্রেক্ষাপট ও নাটকীয় উপস্থাপনায় নির্মিত সিরিজটি প্রযোজনা করেছে ‘সি প্লে’ (C Play)। এর কারিগরি এআই প্রোডাকশনের দায়িত্বে ছিল ‘ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন’।
সিরিজটির সামগ্রিক রচনা, পরিকল্পনা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও প্রধান সম্পাদনার দায়িত্ব পালন করেছেন আকতারুল আলম তিনু। প্রধান সহকারী ও সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করেছেন রিয়াদ হাসান রাফি। এ ছাড়া সম্পাদনা সহযোগী হিসেবে যুক্ত ছিলেন নিশাত হাসান হিমুল। সাউন্ড ইঞ্জিনিয়ারিং করেছেন নাফিজুল হাসান এবং সামগ্রিক ব্যবস্থাপনায় ছিলেন বেলায়েত হোসেন বাবু।
সিরিজের মূল চরিত্রের রেফারেন্স আর্টিস্ট হিসেবে কাজ করেছেন পরিচালক নিজেই। অন্যদিকে, একটি বিশেষ চরিত্রের রেফারেন্স আর্টিস্ট হিসেবে যুক্ত ছিলেন সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও।
বিশ্বমানের সিনেমাটিক ভিজ্যুয়াল ও দৃশ্যের ধারাবাহিকতা বজায় রাখতে সিরিজটিতে ব্যবহার করা হয়েছে বিভিন্ন জেনারেটিভ এআই প্রযুক্তি। কাহিনি ও সংলাপ তৈরিতে ক্লড (Claude) ও জেমিনির (Gemini) মতো এআই টুলের সহায়তা নেওয়া হয়েছে। পাশাপাশি চরিত্র ও প্লট পরিকল্পনায় ব্যবহার করা হয়েছে ডাল-ই (DALL·E), চ্যাটজিপিটি এবং মিউজের (Muse) মতো প্রযুক্তি।
ভিডিও নির্মাণে ব্যবহার করা হয়েছে সিড্যান্স ২.৫ (Seedance 2.5), ক্লিং ৪ (Kling 4), গুগল ফ্লো (Google Flow) ও মিউজ (Muse)। আবহসংগীত ও সুর সংযোজনে সহায়তা নিয়েছে সুনো (Suno) এবং ফ্লো মিউজিকের (Flow Music)। পরবর্তী সময়ে ফুটেজ সম্পাদনার কাজ করা হয়েছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো (Adobe Premiere Pro) এবং মোশন গ্রাফিক্স ও টাইটেল অ্যানিমেশনের কাজ সম্পন্ন হয়েছে অ্যাডোবি আফটার ইফেক্টসের (Adobe After Effects) মাধ্যমে।
প্রথম পর্ব প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিরিজটির যাত্রা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ‘সি প্লে’র অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে সিরিজটির নতুন পর্ব।

তারার আলো প্রতিবেদক, ঢাকাঃ 












