গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ওয়াইফাই লাইনের ক্যাবল কেটে ফেলে দেয়া ও চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ব্যবসায়ী মাহফুজুর রহমানের বিরুদ্ধে।
গত ৩১ অক্টোবর এঘটনায় উপজেলার শ্রীরামকান্দি গ্রামের ওহিদুজ্জামান শেখের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্ত মাহফুজুর রহমান গওহরডাঙ্গা গ্রামের নিজামূল হক বিশ্বাসের ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, সালমা বেগমের স্বামী ও ছেলে গোপালগঞ্জ কারাগারে আটক রয়েছে। সেই সুযোগে গত ২৯ অক্টোবর দুপুরে ঘোষেরঘাট ওয়াইফাই লাইনের ক্যাবল তার কেটে ফেলে দিচ্ছে ও চুরি করে নিয়ে যাচ্ছে। তখন সালমা বেগম ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাকে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিট করিতে আসে। একপর্যায়ে সালমা বেগমকে মিথ্যা মামলায় জড়াবে বলে হুমকি দেয়।
সালমা বেগম বলেন, আমার স্বামী-সন্তানকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে প্রতিপক্ষ ব্যবসায়ী মাহফুজ তার লোকজন দিয়ে আমাদের ওয়াইফাই ব্যবসার ক্যাবল কেটে দিচ্ছে ও চুরি করে নিয়ে যাচ্ছে। আমি বাধা দিলে আমাকেও নানারকম হুমকি দিচ্ছে। আমি মাহফুজ সহ জড়িতদের শাস্তির দাবি জানাই। আর বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
এবিষয়ে অভিযুক্ত মাহফুজুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ 
















