প্রেমের গুঞ্জন, বিয়ের ভাবনা, মনের মানুষের পরিচয়—নাকি এখনো অধরা ক্রাশ! ব্যক্তিজীবনের এমন নানা কৌতূহলোদ্দীপক প্রসঙ্গ নিয়ে এবার খোলামেলা আড্ডায় হাজির হচ্ছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। ডিজিটাল টকশো ‘স্টার স্টোরিজ’-এর এবারের পর্বে সঞ্চালক পান্থ আফজালের মুখোমুখি হয়ে নিজের জীবন, অভিনয় ও পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলবেন তিনি।
অভিনয়জীবনে কাজের ব্যস্ততা, পর্দার বাইরে মন্দিরার দিনযাপন এবং চলচ্চিত্র অঙ্গন নিয়ে তাঁর নিজস্ব ভাবনা—সবই উঠে আসবে এই আড্ডায়। পাশাপাশি প্রেম নিয়ে চলমান গুঞ্জন, বিয়ের পরিকল্পনা এবং তাঁর মনের গোপন ক্রাশকে ঘিরে থাকবে নানা প্রশ্ন। এসব প্রশ্নের উত্তরে কতটা খোলামেলা হবেন মন্দিরা, আর কতটা সামলে নেবেন হাসি-ঠাট্টায়, তা নিয়েও দর্শকদের আগ্রহ তৈরি হবে।
শুধু ব্যক্তিজীবন নয়, এবারের দুর্গাপূজা কীভাবে কাটছে, পূজার বিশেষ পরিকল্পনা কী—সেসব নিয়েও কথা বলবেন এই অভিনেত্রী। সিরিয়াস আলোচনা আর মজার প্রশ্নোত্তরের মিশেলে সাজানো হয়েছে এবারের পর্বটি।
তারকাদের পর্দার বাইরের জীবন, অজানা গল্প ও ব্যক্তিত্বের ভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যেই নির্মিত হচ্ছে ‘স্টার স্টোরিজ’। পান্থ আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানটি রাত ৮টায় প্রকাশিত হবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

তারার আলো প্রতিবেদক, ঢাকাঃ 














