সংশোধন হচ্ছে নীতিমালা, নিজ জেলায় বদলি হতে পারবেন স্বামী-স্ত্রী

সংশোধন হচ্ছে নীতিমালা, নিজ জেলায় বদলি হতে পারবেন স্বামী-স্ত্রী

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধিত নীতিমালায় স্বামী-স্ত্রীর নিজ জেলা অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, পূর্বের নীতিমালায় নিজ জেলায় কর্মরত শিক্ষক এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলে বদলির সুযোগ ছিল। সংশোধিত নীতিমালায় এই দুটি বিষয়ের পাশাপাশি স্বামী-স্ত্রীর নিজ জেলাকেও যুক্ত করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, ‘অনেকের স্বামী বা স্ত্রী সরকারি চাকরি করেন না; কেউ ব্যবসা করেন, আবার কেউ বেসরকারি চাকরিতে নিয়োজিত। এ কারণে স্বামী বা স্ত্রীর নিজ জেলায় বদলির বিষয়টি যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নিজ জেলার বিষয়টি কীভাবে যাচাই করা হবে- এ প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয়পত্র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। সেগুলো যাচাইয়ের পর স্বামী-স্ত্রীর কর্মস্থলে বদলি করা যাবে।’

এদিকে সংশোধিত বদলি নীতিমালার ফাইল চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ফাইলটি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের দপ্তরে রয়েছে। সচিবের অনুমোদনের পরই নীতিমালা জারি করা হবে।

জানা গেছে, আগে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকরা আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন। এনটিআরসিএর প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা প্রকাশ না পাওয়ায় এ কার্যক্রম এখনো বাস্তবায়িত হয়নি। এতে হতাশা প্রকাশ করেছেন শিক্ষকরা। তারা দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন।