দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রথমবারের মতো ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি ২০২৬ (সিজন-৩)’-এর গ্র্যান্ড ফিনালে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন।
স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে গত ১১ জুলাই রাজধানীর নিউ বেইলি রোডের গাইড হাউসে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা। প্রথম রানার্সআপ নির্বাচিত হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া ইসলাম জুঁই।
প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “সৌন্দর্যকে আমরা অনেক সময় একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলি। অথচ একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, মেধা, মানবিকতা এবং নিজের পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরার ক্ষমতার মধ্যেই নিহিত। ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ এমন একটি ব্যতিক্রমী আয়োজন, যেখানে নারীরা নিজেদের প্রতিভা, যোগ্যতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে নতুনভাবে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমি এই আয়োজনের বিচারক হতে পেরে আনন্দিত। এখানে এসে দেখেছি, প্রতিযোগীরা শুধু নিজেদের সৌন্দর্য নয়, বরং তাদের চিন্তাভাবনা, ব্যক্তিত্ব, দক্ষতা ও আত্মবিশ্বাসও তুলে ধরেছেন। এ ধরনের আয়োজন সমাজে নারীদের আরও অনুপ্রাণিত করবে এবং সৌন্দর্য নিয়ে প্রচলিত সংকীর্ণ ধারণা পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে। আমার বিশ্বাস, এই মঞ্চ থেকে অনেক প্রতিভাবান নারী ভবিষ্যতে মিডিয়া, ফ্যাশন ও সংস্কৃতি অঙ্গনে সফলভাবে কাজ করবেন।”
স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান বলেন, “আমাদের লক্ষ্য নারীদের জন্য এমন একটি সম্মানজনক ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতা প্রকাশের সুযোগ পাবেন। সৌন্দর্য শুধু বাহ্যিক বিষয় নয়, একজন মানুষের প্রকৃত শক্তি তার আত্মবিশ্বাস ও সক্ষমতায়। ভবিষ্যতেও আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, হাজারো প্রতিযোগীর মধ্য থেকে গ্রুমিংয়ের মাধ্যমে প্রথমে ৩০ জনকে বাছাই করা হয়। এরপর দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন সেরা ১৫ জন। সবশেষে সেরা ৮ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। আবৃত্তি, অভিনয়, নৃত্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র্যাম্প ওয়াক এবং সামগ্রিক দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মোশাররফ করিম। বিচারক হিসেবে আরও ছিলেন অভিনেতা শামীম জামান, চিত্রনায়িকা আঁচল আঁখি, চিত্রনায়ক জয় চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। অনুষ্ঠানে বিশেষ স্টেজ পারফরম্যান্সে অংশ নেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান।
আয়োজকদের ভাষ্য, ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’ শুধু একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং প্লাস সাইজ নারীদের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা বিকাশের একটি প্ল্যাটফর্ম। পাশাপাশি ফ্যাশন, মিডিয়া ও বিনোদন অঙ্গনের জন্য নতুন মুখ তুলে আনাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
