রিয়েলিটি শো’র বিচারক হলেন অভিনেতা শামীম জামান

রিয়েলিটি শো’র বিচারক হলেন অভিনেতা শামীম জামান

জনপ্রিয় অভিনেতা শামীম জামান আবারও বিচারকের দায়িত্ব পালন করলেন। প্লাস সাইজ নারীদের মেধা, আত্মবিশ্বাস ও অন্তর্নিহিত সৌন্দর্য উদযাপনের অন্যতম আয়োজন ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি ২০২৬ (সিজন-৩)’-এর গ্র্যান্ড ফিনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ আয়োজনে গত ১১ জুলাই রাজধানীর বেইলি রোডের গাইড হাউসে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির গ্র্যান্ড ফিনালে। এতে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা। প্রথম রানার্সআপ নির্বাচিত হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া ইসলাম জুঁই।

বিচারকের দায়িত্ব প্রসঙ্গে শামীম জামান বলেন, “বিচার কার্য পরিচালনা করা অনেক কঠিন কাজ। এখানে সবাই মেধাবী, কেউ কারও থেকে কম নয়। তবে সেরাদের সেরা হওয়ার লড়াইয়ে বিভিন্ন প্রতিভার প্রকাশের মাধ্যমে কেউ কেউ এগিয়ে থাকে। একজন বিচারক হিসেবে সেই মূল্যায়নের দায়িত্বই আমাদের পালন করতে হয়। আমি আশা করি, আজ যারা বিজয়ী হয়েছে এবং যারা হতে পারেনি, সবাই নিজ নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সংস্কৃতি অঙ্গনে আরও এগিয়ে যাবে।”

স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান বলেন, “প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, একজন মানুষের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও যোগ্যতাই তার সবচেয়ে বড় পরিচয়। ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি’র মাধ্যমে আমরা সেই বার্তাই সবার কাছে পৌঁছে দিতে চাই।”

আয়োজকরা জানান, হাজারো প্রতিযোগীর মধ্য থেকে গ্রুমিংয়ের মাধ্যমে প্রথমে ৩০ জনকে বাছাই করা হয়। এরপর দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেন সেরা ১৫ জন। সবশেষে সেরা ৮ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে। আবৃত্তি, অভিনয়, নৃত্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র‌্যাম্প ওয়াক এবং সামগ্রিক দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা শামীম জামান, চিত্রনায়িকা আঁচল আঁখি, চিত্রনায়ক জয় চৌধুরী এবং স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান। এছাড়া বিশেষ স্টেজ পারফরম্যান্সে অংশ নেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান।

Author