নাট্যকার হিসেবে একের পর এক সাফল্য ও সম্মাননা অর্জনের ধারাবাহিকতায় এবার নতুন দায়িত্ব পেলেন জনপ্রিয় নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল। শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সভায় ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে ফরিদুল ইসলাম রুবেল বলেন, “টেলিভিশন নাট্যকার সংঘের মতো একটি গুরুত্বপূর্ণ সংগঠনের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এই দায়িত্বকে আমি শুধু একটি পদ হিসেবে নয়, বরং নাট্যকারদের কাজ ও সংগঠনের কার্যক্রম মানুষের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি। সবার ভালোবাসা ও সহযোগিতা নিয়ে দায়িত্বটি যথাযথভাবে পালনের চেষ্টা করব।”
নাট্যকার হিসেবে ইতোমধ্যে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন ফরিদুল ইসলাম রুবেল। তার লেখা ও গল্পে নির্মিত নাটক ও টেলিফিল্ম দর্শকদের মাঝে প্রশংসা পেয়েছে। চলতি আগস্ট মাসেই তার গল্পে নির্মিত টেলিফিল্ম ‘এক মুহূর্ত’ প্রচারিত হয়েছে।
সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে একাধিক সম্মানজনক পুরস্কারও অর্জন করেছেন তিনি। তার ঝুলিতে রয়েছে শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড—শ্রেষ্ঠ নাট্যকার ২০২৪, ট্রাব স্টার অ্যাওয়ার্ড—শ্রেষ্ঠ নাট্যকার ২০২৪ এবং মাদার তেরেসা অ্যাওয়ার্ড—শ্রেষ্ঠ নাট্যকার ২০২৫। এছাড়াও এজেএফবি অ্যাওয়ার্ড ২০২৬—শ্রেষ্ঠ নাট্যকার এবং বায়োস্কোপ বেস্ট প্লেরাইট অ্যাওয়ার্ড ২০২৬-এর মতো স্বীকৃতিও অর্জন করেছেন তিনি।
শুধু নাট্যকার হিসেবেই নয়, বিভিন্ন আয়োজনের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফরিদুল ইসলাম রুবেল। তিনি বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪–২০২৫-এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার লুক ২০২৪’ প্রতিযোগিতায়ও বিচারকের দায়িত্ব পালন করেন তিনি।
একাধিক পুরস্কার, বিচারকের দায়িত্ব এবং টেলিভিশন নাট্যকার সংঘের ২০২৬–২০২৮ মেয়াদের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব—সব মিলিয়ে ফরিদুল ইসলাম রুবেলের পেশাগত জীবনে যুক্ত হয়েছে নতুন মাত্রা। আগামী দুই বছরে নিজের সৃজনশীল কাজের পাশাপাশি টেলিভিশন নাট্যকার সংঘের কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নাট্যনির্মাতা শিহাব শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন।
১৯ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়। সাংগঠনিক সম্পাদক প্রভাত আহমেদ, অর্থ সম্পাদক পাপ্পু রাজ, অফিস সম্পাদক দয়াল সাহা, অনুষ্ঠান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক সায়েম খান, প্রচার সম্পাদক ফরিদুল ইসলাম রুবেল, আইন ও কল্যাণ সম্পাদক আফরিন জেসিকা এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফ হোসেন সজিব।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. লিপি মনোয়ার, আহমেদ তাওকীর, শেখ হান্নান ও অর্ক মোস্তফা।
