সাবরিনা রুবিনের রচনায় সংগীতশিল্পী শুভ্র দেবের জীবনী

সাবরিনা রুবিনের রচনায় সংগীতশিল্পী শুভ্র দেবের জীবনী

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবকে এবার বইয়ের পাতায় তুলে এনেছেন ডা. সাবরিনা রুবিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক, অনুবাদক, গীতিকার ও গবেষক ডা. সাবরিনা রুবিন শুভ্র দেবকে নিয়ে ইংরেজি ভাষায় লিখেছেন জীবনীগ্রন্থ ‘A Golden Soul of Music’। তার লেখা এই জীবনীগ্রন্থ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত হয়েছে।

ওডিসি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড কালচার থেকে প্রকাশিত বইটি অ্যামাজনসহ নিউইয়র্কের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। বইটির সম্পাদনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি নুরুল হক।

জানা গেছে, বইটিতে শুভ্র দেবের শৈশব, কৈশোর, সংগীতজীবনের সূচনা, সাফল্য এবং জীবনের নানা অজানা অধ্যায় সাহিত্যিক বর্ণনায় তুলে ধরা হয়েছে। নিউইয়র্কে বইটির মোড়ক উন্মোচন করেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

শুভ্র দেবকে নিয়ে লেখার আগে ডা. সাবরিনা রুবিন দেশ-বিদেশের বহু গুণী ব্যক্তিত্বের জীবনী রচনা করেছেন। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যবিষয়ক ইংরেজি কবিতা এবং ছবি-কবিতা (ফটো পোয়েট্রি) রচনার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। তার লেখা বিভিন্ন বই ইতোমধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, আলবেনিয়া, ফিলিস্তিন, ভারত, পাকিস্তান ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। দেশে ও বিদেশে তিনি আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন।

ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, দেব গৌতম এবং বাংলাদেশের শুভ্র দেব ও শান শায়খসহ অনেক শিল্পী ডা. সাবরিনা রুবিনের লেখা গান গেয়েছেন। এছাড়া তিনি ভারতের মালয়ালম চলচ্চিত্রের জন্যও গান লিখেছেন।

অন্যদিকে, চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শুভ্র দেব বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের সঙ্গে তার গাওয়া দ্বৈত গান দুই বাংলায় ব্যাপক সমাদৃত হয়েছে। কোমল পানীয় পেপসির বিজ্ঞাপনচিত্রে তিনি বলিউড তারকা আমির খানের সঙ্গে কাজ করে ব্যাপক আলোচনায় আসেন।

বাংলাদেশের প্রথম দিকের শিল্পীদের একজন হিসেবে তার গান ও মিউজিক ভিডিও বিশ্বখ্যাত সংগীতবিষয়ক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এমটিভিতে প্রচারিত হয়। সংগীতের পাশাপাশি তিনি চলচ্চিত্র ও নাটকেও অভিনয় করেছেন।

‘A Golden Soul of Music’ শুধু একজন সংগীতশিল্পীর জীবনী নয়, এটি শুভ্র দেবের শিল্পীসত্তা, ভালোবাসা ও সৃষ্টিশীল জীবনের এক অনুপ্রেরণামূলক দলিল।