কানাডার কুইবেক প্রাদেশিক নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী ও কমিউনিটি সংগঠক জেনিফার গোমেজ প্রার্থী হয়েছেন।
মন্ট্রিয়েলের লরিয়ের-দোরিয়ন আসন থেকে কানাডিয়ান পার্টি অব কুইবেকের প্রার্থী হিসেবে প্রাদেশিক সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। আগামী ৫ অক্টোবর কুইবেকের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জেনিফার গোমেজের প্রার্থিতা ঘিরে কানাডার বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটিতে তৈরি হয়েছে আগ্রহ। কুইবেকের রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর অংশগ্রহণকে ঘিরে কমিউনিটির বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে।
এবারের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন প্রার্থী অংশ নেয়ায় কমিউনিটির মধ্যে উৎসাহ-উদ্দীপনাও দেখা দিয়েছে। মন্ট্রিয়েলে সামাজিক, পেশাগত ও কমিউনিটি কার্যক্রমে দীর্ঘদিন ধরে যুক্ত জেনিফার। স্বাস্থ্যসেবা, প্রশাসন, জনসংযোগ, তহবিল সংগ্রহ, কমিউনিটি সংগঠন এবং নির্বাচনী কার্যক্রমে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। কানাডিয়ান পার্টি অব কুইবেকের প্রার্থী পরিচিতিতেও তাকে কমিউনিটি নেতা, স্বাস্থ্যসেবা পেশাজীবী, উদ্যোক্তা ও জনসেবামুখী কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগেও তার সম্পৃক্ততা রয়েছে।
বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক অনু অনুষ্ঠান, কমিউনিটি আয়োজন, তহবিল সংগ্রহ এবং বিভিন্ন অংশীদারত্বমূলক উদ্যোগে যুক্ত ছিলেন তিনি। নির্বাচনী প্রশাসনের সঙ্গেও কাজের অভিজ্ঞতা রয়েছে জেনিফারের। ইলেকশনস কানাডার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে ভোটগ্রহণ ও নির্বাচনী প্রশাসনের সঙ্গে তার পেশাগত সম্পৃক্ততা তৈরি হয়। পাশাপাশি ম্যাকগিল ইউনিভার্সিটি হেলথ সেন্টারে স্বাস্থ্যসেবা খাতে কাজের অভিজ্ঞতাও রয়েছে তার।

তারার আলো প্রতিবেদক, ঢাকাঃ 











