বাভাসি চলচ্চিত্র উৎসবের বিচারক নাজনীন হাসান খান

বাভাসি চলচ্চিত্র উৎসবের বিচারক নাজনীন হাসান খান

‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’-এর ১০ম আসরের পর্দা নামল। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজিত এ চলচ্চিত্র উৎসবে এবারও বিচারকের দায়িত্ব পালন করেছেন নির্মাতা নাজনীন হাসান খান। তাঁর সঙ্গে জুরি বোর্ডে বিচারকের দায়িত্বে ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেতা ও পরিচালক শামীম জামানসহ চলচ্চিত্র অঙ্গনের আরও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের আয়োজক প্রতিনিধি কানু কুমার নাথ, নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন এবং দ্য ডেইলি সানের মো. জাহিদুল ইসলাম।

আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে নির্মাতা ও বিচারক নাজনীন হাসান খান বলেন, ‘যেখানে আমাদের চলচ্চিত্র অঙ্গন পিছিয়ে পড়ছে, সেখানে এই আয়োজনটি সত্যিকার অর্থেই মরুর বুকে ফসল ফলানোর মতো। যারা এই প্ল্যাটফর্মে কাজ করছেন এবং নতুন যারা চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসছেন, সরকারের উচিত তাদের আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া। এতে একদিকে তারা উৎসাহিত হবেন, অন্যদিকে চলচ্চিত্র জগতও ফিরে পাবে তার নিজস্ব প্রাণ।’

প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে উৎসবে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এবার উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য পেনান্স’। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মেঘলা পিনারু (‘ব্যাড’), সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন কৌশিক গাঙ্গুলী (‘মেঘের পরে মেঘ’), সেরা মিউজিক ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন আদিত্য সন্ন্যাসী (‘দ্য পেনান্স’) এবং সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন নম্রতা রাও (‘রঙ পেন্সিল’)।

আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসবের মাধ্যমে প্রতিবছর শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জাশিল্পী, শিল্প নির্দেশক, সম্পাদক ও আবহসংগীত সংশ্লিষ্টদের কাজ মূল্যায়ন করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়।

নতুন নির্মাতা ও শিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন শাখায় মেধা ও সৃজনশীলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এই আয়োজন করে আসছে বাভাসি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।