মানসী’র সঙ্গে জুটি বেঁধে নতুন গানে যাযাবর পলাশ

মানসী’র সঙ্গে জুটি বেঁধে নতুন গানে যাযাবর পলাশ

সম্প্রতি দুই বাংলায় ঝড় তোলা “আমের আঁচার” কিংবা “গোলাপ ফুলের কাঁটা” গান দিয়ে আলোচনায় আসা ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী মানসী বসাক এবং এপার বাংলার জনপ্রিয় গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী যাযাবর পলাশ প্রথমবারের মতো একসঙ্গে নতুন একটি রোমান্টিক ডুয়েট গান গেয়েছেন। গানের শিরোনাম ‘মন চুরি হলো’।

‘কোন ফাঁকে মন চুরি হলো, এই আমি তাই এলোমেলো’— এমন মিষ্টি রোমান্টিক কথায় সাজানো গানটির কথা ও সুর করেছেন যাযাবর পলাশ নিজেই। সঙ্গীতায়োজন করেছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক শিবলু মাহমুদ। ভারতের রেকর্ডিস্ট বাবিনের তত্ত্বাবধানে সে দেশের স্বনামধন্য রেকর্ডিং স্টুডিও “স্টুডিও নেইনাজ”-এ গানটির ভয়েস রেকর্ডিং সম্পন্ন হয়েছে। প্রযোজনায় রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও প্রযোজক সুজন খান। সম্প্রতি ইন্ডিয়াতে রেকর্ডিং শেষ হওয়া গানটি খুব শিগগিরই মিউজিক ভিডিওসহ প্রকাশ পাবে ‘সুজন খান অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে।

নতুন এই গান নিয়ে মানসী বসাক বলেন, “বাংলাদেশের মানুষের ভালোবাসা সবসময়ই আমাকে অনুপ্রাণিত করে। ‘মন চুরি হলো’ গানটি প্রথম শোনার পরই আমার খুব ভালো লেগেছিল। রেকর্ডিংয়ের সময় গানের কথা ও সুরের আবহে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার বিশ্বাস, গানটি প্রকাশের পর দুই বাংলার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।”

যাযাবর পলাশ বলেন, “গানটির ডেমো শোনার পর প্রযোজক সুজন খান ভাই মানসী বসাকের সঙ্গে ডুয়েট করার পরামর্শ দেন। গানটি শোনানোর পর মানসী খুব আগ্রহ নিয়ে কাজটি করতে রাজি হন। সৃষ্টিকর্তার কৃপায় সুন্দরভাবে রেকর্ডিং শেষ হয়েছে। এখন শুধু প্রকাশের অপেক্ষা। আশা করছি, গানটি শ্রোতাদের ভালোবাসা অর্জন করবে।”

প্রযোজক সুজন খান বলেন, “মন চুরি হলো’ গানটি আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটি গান। পরিকল্পনা অনুযায়ী পুরো কাজ শেষ করতে পেরে আমি আনন্দিত। আশা করছি, গান ও এর মিউজিক ভিডিও প্রকাশের পর বাংলা গানের শ্রোতাদের কাছে দারুণ সাড়া পাবে।”