দেশের মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে জাপানি ভাষা শিক্ষা চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি (জালটাব)।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগে ‘বাংলাদেশে স্কুল পর্যায়ে জাপানি ভাষা শিক্ষা চালু’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনসারুল আলম। আলোচক হিসেবে জাপান ফাউন্ডেশনের সাবেক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ কেই শিরাই জাপান থেকে ভার্চুয়ালি অংশ নেন।
অধ্যাপক ড. আনসারুল আলম বলেন, সরকার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষা চালুর যে উদ্যোগ নিয়েছে, তার প্রথম ধাপেই জাপানি ভাষাকে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে জাপানি ভাষা শেখার ব্যাপক চাহিদা রয়েছে। এই ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও জানান, জাপান ফাউন্ডেশন এবং বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যসামগ্রী প্রণয়ন, জরিপ পরিচালনা ও গবেষণাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
আলোচক কেই শিরাই বাংলাদেশ সরকারের উদ্যোগ এবং সমিতির প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ বাস্তবায়নের পরামর্শ দেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাপান ফাউন্ডেশনের বিশেষজ্ঞ তোমোইউকি ফুকুই এবং সমিতির সাধারণ সম্পাদক কুনিআকি ওকাবায়াশি। এছাড়া অনলাইনে অংশ নেন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অনুশীলন ও সম্পদ কেন্দ্রের শিক্ষক আহমেদুল আজম এবং আইচি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের পিএইচডি গবেষক তারেক রহমান।
নিজেদের অভিজ্ঞতার আলোকে আহমেদুল আজম ও তারেক রহমান মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে জাপানি ভাষা শিক্ষা চালুর উদ্যোগের প্রতি সমর্থন জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফজিলাতুন নেছা শিউলী বলেন, ভাষা শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও উপযুক্ত বেতন-ভাতা নিশ্চিত করতে হবে।
সেমিনারের শেষ পর্যায়ে সমিতির সাধারণ সম্পাদক কুনিআকি ওকাবায়াশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতির একটি প্রতিনিধিদল গঠনের প্রস্তাব দেন।
সেমিনারে গৃহীত সুপারিশগুলো সংশ্লিষ্ট সব অংশীজনের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি দেশে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে জাপানি ভাষা শিক্ষা চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতি পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।
