‘নতুনের জয়গান হোক বাভাসির হাত ধরে’ স্লোগানকে ধারণ করে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর (বাভাসি) ত্রিদেশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬।
চলচ্চিত্রপ্রেমী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ উৎসব সফলভাবে ৯ বছর অতিক্রম করে এবার ১০ম বর্ষে পদার্পণ করেছে। দীর্ঘ এই যাত্রায় দেশি-বিদেশি অসংখ্য নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিত্বের মিলনমেলায় পরিণত হয়েছে বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
চলচ্চিত্র শিল্পের নতুন সম্ভাবনা ও সৃজনশীল প্রতিভাকে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই আয়োজন। বিশেষ করে নতুন নির্মাতা, তরুণ চিত্রনাট্যকার এবং উদীয়মান শিল্পীদের জন্য এটি একটি কার্যকর ও সম্মানজনক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন ক্ষেত্রে মেধা, সৃজনশীলতা ও পেশাদারিত্বকে উৎসাহিত করাই এ উৎসবের অন্যতম লক্ষ্য।
উৎসবে চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়, চিত্রগ্রহণ, সম্পাদনা, রূপসজ্জা, শিল্প নির্দেশনা ও আবহসংগীতসহ চলচ্চিত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে অংশগ্রহণকারীদের কাজ মূল্যায়ন করা হবে। পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য, ফিকশন ও অন্যান্য ক্যাটাগরির চলচ্চিত্র প্রদর্শন ও মূল্যায়নের সুযোগ থাকবে। যোগ্যতা, সৃজনশীলতা এবং শিল্পমানের ভিত্তিতে নির্বাচিত প্রতিভাবান নির্মাতা ও শিল্পীদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হবে।
আয়োজকদের মতে, চলচ্চিত্রের মাধ্যমে দেশ-বিদেশের সংস্কৃতি, শিল্পচর্চা এবং সৃজনশীল ভাবনার আদান-প্রদানকে আরও সমৃদ্ধ করাই এ উৎসবের অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের নির্মাতাদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তুলতেও বাভাসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আগ্রহী নির্মাতারা তাদের নির্মিত চলচ্চিত্র উৎসবে জমা দিতে পারবেন। চলচ্চিত্র পাঠানোর জন্য ই-মেইল করা যাবে info@babhasi.com এবং bavasi248@gmail.com ঠিকানায়। উৎসব সংক্রান্ত বিস্তারিত তথ্য, নিয়মাবলি ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানা যাবে বাভাসির অফিসিয়াল ওয়েবসাইট www.babhasi.com-এ।
উল্লেখ্য, উৎসবে জমাকৃত চলচ্চিত্রসমূহ অভিজ্ঞ ও দক্ষ জুরি বোর্ডের মাধ্যমে যাচাই-বাছাই করা হবে। পরবর্তীতে বিভিন্ন বিভাগে নির্বাচিত ও বিজয়ী চলচ্চিত্র এবং সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
