ঈদে আসছে শামীম জামান- নিলয় আলমগীরের ‘ডাবল ট্রাবল’

ঈদে আসছে শামীম জামান- নিলয় আলমগীরের ‘ডাবল ট্রাবল’

ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ডাবল ট্রাবল’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শামীম জামান ও নিলয় আলমগীর। অনামিকা মন্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। এটি ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বাংলাভিশন-এ।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান, নিলয় আলমগীর, তাসনোভা তিশা, শেলি আহসান, হানিফ পালোয়ানসহ আরও অনেকে।

গল্পে দেখা যাবে, নিলয় আলমগীর অভিনয় করেছেন জমজ দুই ভাইয়ের চরিত্রে। অন্যদিকে তাসনোভা তিশা অভিনয় করেছেন জমজ দুই বোনের ভূমিকায়। দুই ভাই ও দুই বোনের প্রেমের সম্পর্ককে ঘিরেই এগিয়ে যায় গল্প। তবে চেহারার মিলের কারণে একের পর এক মজার ভুল বোঝাবুঝি ও বিপত্তির সৃষ্টি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে শামীম জামানের চরিত্রটি নানা কৌশলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

এক পর্যায়ে শামীম জামানের চরিত্রটি অসুস্থ হয়ে পড়লে জমজ দুই বোনের একজন তার চিকিৎসার দায়িত্ব নেয়। পরে নানা ঘটনার মধ্য দিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং প্রকৃত প্রেমিক-প্রেমিকাদের মিলন হয়।

নাটকটি প্রসঙ্গে শামীম জামান বলেন, “ডাবল ট্রাবল’ নাটকে অভিনয় করে সত্যিই অনেক আনন্দ পেয়েছি। ব্যতিক্রমী গল্পের এই কাজটি আমার খুব ভালো লেগেছে। দর্শক এখানে এক ভিন্ন শামীম জামানকে দেখতে পাবেন। আমার বিশ্বাস, নাটকটি দর্শকদের ভালো লাগবে।”