চিত্রনায়ক মঈন উদ্দিন খান ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ-এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

চিত্রনায়ক মঈন উদ্দিন খান ও পরিচালক মনজুরুল ইসলাম মেঘ-এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সাহানা ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান চিত্রনায়ক মঈন উদ্দিন খান এবং মেঘ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন চিত্রনায়ক মঈন উদ্দিন খান। মনজুরুল ইসলাম মেঘের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কণ্ঠশিল্পী রিনাৎ সুলতানা।

অনুষ্ঠানে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সাহানা ফিরোজ ফাউন্ডেশন ও মেঘ ফাউন্ডেশন যৌথভাবে শিশু, অসহায় নারী ও কর্মক্ষম মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও সংগঠন দুটি ত্রাণ বিতরণ করেছে।

সভাপতির বক্তব্যে মনজুরুল ইসলাম মেঘ বলেন, খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমও চলমান রয়েছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এসব কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানান তিনি।