“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন ডা. এটিএম শাফায়াত শামস্ রকি এবং বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মো. ইফতেখারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টিহীনতা দূর করতে হলে সচেতনতার বিকল্প নেই। সুষম খাদ্য গ্রহণ, মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং জনসাধারণকে পুষ্টি বিষয়ে সচেতন করতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে পুষ্টি পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে গ্রামীণ পর্যায়ে সচেতনতা আরও বাড়ানো জরুরি। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তারা।

