টুঙ্গিপাড়ায় হাতুড়ি পেটায় বিধবা নারীর নিহতের মামলায় প্রধান আসামি গ্রেপ্তারটুঙ্গিপাড়ায় হাতুড়ি পেটায় বিধবা নারীর নিহতের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতুড়িপেটায় বিধবা নারী নিহতের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার রাত ১০ টায় র‌্যাব-৬, র‌্যাব-১১ ও টুঙ্গিপাড়া থানা পুলিশের যৌথ অভিযানে নারায়ণগঞ্জের ফাতুল্লা থানার হাবিবুল্লাহ ব্রীজ সংলগ্ন এনায়েত নগর থেকে তাকে গ্রেফতার করা হয়‌।

গ্রেপ্তার নজরুল ওস্তা (৪০) টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন ওস্তার ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব।

টুঙ্গিপাড়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামের প্রতিবেশী কাদের ও আলাউদ্দিন ওস্তার সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নিহত নারী নাহিদা বেগমের (৫০) স্বামী শরিফুল ওস্তার বিরোধ চলে আসছিলো। ৮ মাস আগে উচ্চ আদালত শরিফুল ওস্তার পক্ষে রায় দিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। তবুও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে জমি দখলে রাখে। গত পহেলা ফেব্রুয়ারি ওই জমিতে বেড়া দিতে গিয়েছিল শরিফুল ওস্তার ছেলে মহিবুল্লাহ ওস্তা। তখন মৃত আলাউদ্দিন ওস্তার ছেলে নজরুল ওস্তার নেতৃত্বে কাদের ওস্তার ছেলেরা হাতুড়ি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় মহিবুল্লাহর উপর। পরে মা নাহিদা বেগম ছেলেকে বাঁচাতে আসলে হামলাকারীরা তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তখন স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বিধবা নাহিদাকে।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার আওরঙ্গজেব বলেন, এঘটনায় গত ২ ফেব্রুয়ারি নিহতের ছেলে মহিবুল্লাহ ওস্তা টুঙ্গিপাড়া থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এতে প্রধান আসামি করা হয় নজরুল ওস্তাকে। পরে শুক্রবার রাতে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে র‌্যাব-৬, র‌্যাব-১১ ও টুঙ্গিপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নজরুলকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।