ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। ফুটবলকে ঘিরে সব শ্রেণি ও সব বয়সী মানুষের মধ্যে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মাতা পলাশ মণি দাস নির্মাণ করেছেন ব্যতিক্রমী নাটক ‘ফুটবল যুদ্ধ’। নাটকটির রচনা ও চিত্রনাট্য করেছেন রাজীব মণি দাস।
নাটকটিতে অভিনয় করেছেন আখম হাসান, পুনম হাসান জুঁই, কাজী রাজু, সাহেলা আক্তার, ফরিদ হোসাইন, জাহাঙ্গীর আলম, আলতাব হোসেন, আল মামুন রূপান্ত, আহমেদ রানা প্রমুখ।
নাটকটি সম্পর্কে রাজীব মণি দাস বলেন, “ফুটবল এ দেশের মানুষের প্রাণের খেলা। হাজার হাজার মাইল দূরে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আমি বর্তমানে আমেরিকায় অবস্থান করছি। এখান থেকে বিশ্বকাপকে কেন্দ্র করে নাটক না লিখে থাকতে পারিনি। দেশের মানুষ ও প্রবাসীদের কথা চিন্তা করেই ‘ফুটবল যুদ্ধ’ নাটকটি রচনা করেছি। ফুটবল উন্মাদনায় কী কী ঘটতে পারে, তার ব্যতিক্রমী কিছু দিক দর্শক এই নাটকে দেখতে পাবেন।”
পরিচালক পলাশ মণি দাস বলেন, “ফুটবলকে ঘিরে দেশের মানুষ রাত জেগে খেলা উপভোগ করে। আর সেটা যদি আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরে হয়, তাহলে তো কথাই নেই। ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বাবা-মা, ভাই-বোন, প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজনদের মধ্যেও মজার দ্বন্দ্ব তৈরি হয়। এমন ফুটবলপ্রেমী মানুষ পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া দুষ্কর।”
নাটকের কাহিনিতে দেখা যায়, বিশ্বকাপ শুরু হলেই ফুটবলপ্রেমীরা নিজেদের প্রিয় দলের জার্সি পরে এবং পতাকা উড়িয়ে সমর্থন প্রকাশ করেন। আর্জেন্টিনা সমর্থক শিপন ও ব্রাজিল সমর্থক লিনার প্রেমের সম্পর্কেও তৈরি হয় টানাপোড়েন। অন্যদিকে আরিফ তার কর্মচারীকে ব্রাজিল সমর্থন করতে বাধ্য করে। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও শুরু হয় তুমুল বিরোধ।
এদিকে রাহেলা তার স্বামী মিজান ব্রাজিল সমর্থন করায় তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে একসময় মা-ছেলে মিলে মিজানকে বাড়ি থেকে বের করে দেয়। সংসারহারা মিজান পরে নতুন করে বিয়ের চিন্তা করলে পাত্রীর প্রধান যোগ্যতা হিসেবে ব্রাজিলের সমর্থক হওয়ার শর্ত জুড়ে দেন।
কার সমর্থক গোষ্ঠী বেশি শক্তিশালী, তা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা। প্রেমিককে খুশি করতে লিনা দুই দেশের পতাকার রঙে তৈরি জার্সি পরে হাজির হয়। এমন আরও নানা হাস্যরসাত্মক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘ফুটবল যুদ্ধ’ নাটকের গল্প।
