বিনোদন ডেস্ক: নির্মাতা সজিব চিশতি সম্প্রতি শেষ করেছেন তার নতুন নাটক ‘তুমি আমি চিরদিন’-এর শুটিং। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন অভিনেত্রী নাইরোজ সিফাত এবং অভিনেতা শাহরিয়ার চয়ন।
রোমান্টিক ঘরানার এই নাটকে আরও অভিনয় করেছেন খান মিরাজ, সুলতানা চৌধুরীসহ অনেকে। গল্পটি আবর্তিত হয়েছে গভীর প্রেমকে কেন্দ্র করে—ভালোবাসার মানুষকে নিজের করে পেতে জীবনের সব কষ্ট হাসিমুখে মেনে নেওয়ার এক আবেগঘন যাত্রা।
নাটকটি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে নাইরোজ সিফাত বলেন, গল্পটি তাকে ভীষণভাবে ছুঁয়ে গেছে। শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, বস্তির বিভিন্ন লোকেশনে কঠোর পরিশ্রম করে কাজটি সম্পন্ন করা হয়েছে এবং তিনি বিশ্বাস করেন সব শ্রেণির দর্শকের ভালো লাগবে।
অন্যদিকে শাহরিয়ার চয়ন বলেন, তিনি নিয়মিত ভালো গল্পনির্ভর কাজ করতে চান এবং একজন দক্ষ অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী। এই নাটকে নাইরোজ সিফাতের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তার কাছে বেশ উপভোগ্য ছিল বলে জানান তিনি।
এর আগে ‘প্রাচীর’ নাটকে মুনিরা মিঠু-এর ছেলের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন চয়ন। সর্বশেষ তিনি সজিব চিশতিরই ‘অনল’ নাটকে তানিয়া বৃষ্টি-র বিপরীতে অভিনয় করেন, যা দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।
‘তুমি আমি চিরদিন’ নাটকটি প্রযোজনা করেছে ফিঙে। প্রযোজনা প্রতিষ্ঠানটি বরাবরই গল্পনির্ভর কাজের জন্য পরিচিত। নাটকটি শিগগিরই ফিঙে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানা গেছে।

