এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রীড. আ ন ম এহছানুল হক মিলন

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সারা দেশে একযোগে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোথাও প্রশ্নফাঁসের অভিযোগ পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কোনো অভিযোগ এলে তা যাচাইয়ের জন্য সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রশ্নফাঁস রোধে আগে থেকেই সাইবার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্টদের তথ্য সাইবার ক্রাইম কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে, যাতে কোনো অনিয়ম ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

আকস্মিক কেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি গোপনীয়তা বজায় রেখেই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। আগাম তথ্য প্রকাশ পেলে পরিদর্শনের কার্যকারিতা কমে যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রগুলো সকাল ৮টা থেকে খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে জন্য সংশ্লিষ্টদের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী।