আরটিভিতে নাজনীন হাসান খানের ‘লাভ বার্ডস’আরটিভিতে নাজনীন হাসান খানের ‘লাভ বার্ডস’

৮ অক্টোবর, রোজ বুধবার ৮টায় সুনিপুণ নির্মাতা নাজনীন হাসান খানের পরিচালনায় ‘লাভ বার্ডস’ প্রচার হবে আরটিভিতে। প্রচার পরবর্তী নাটকটি Beyond Network ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আরশ খান, প্রিয়ন্তী উর্বি, আনোয়ার শাহী, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, আহমেদ ইসতাক, শামীম, সেলিম, কেয়া, প্রমুখ।

পরিচালক নাজনীন হাসান খান বলেন, একটি পবিত্র ভালোবাসায় স্বার্থ বা খারাপ উদ্দেশ্য থাকে না। শৈশবের নিষ্পাপ প্রেম কাহিনি যা পৃথিবীর কদর্যতা থেকে মুক্ত। যেখানে একে অপরের প্রতি শুধু গভীর টান, সম্মান ও ভালোবাসা কাজ করে। ভালোবাসা এমন এক মেলবন্ধন, মৃত্যুও তাদের আলাদা করতে পারে না। এমনই গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ‘লাভ বার্ডস’ নাটকে।

গল্পে দেখা যায়- আরশ খান বিদেশ থেকে বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে আসে। বন্ধুর বোন প্রিয়ন্তী উর্বির সাথে দেখা হতেই সে মনে করে আরশ ডেলিভারি ম্যান। কারণ দীর্ঘদিন পূর্বে সে অনলাইনে কোনো কিছু অর্ডার করেছিল। পরক্ষণে ভুল ভাঙে উর্বির। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তাদের মধ্যে গড়ে উঠে হৃদ্যতার সম্পর্ক, মানে প্রেম। একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না। পরিবার যদি তাদের এই ভালোবাসর সম্পর্ক মেনে না নেয়, তাহলে তারা কি করবে বুঝতে পারে না। আরশের চোখের সামনে রোড এক্সিডেন্টে উর্বি মৃত্যুর কোলে ঢলে পড়ে, হতভম্ব হয়ে দৌঁড়ে আসতে গিয়ে আরশকেও অন্য একটি গাড়ি চাপা দেয়। নিভে যায় নিষ্পাপ দুটি জীবনের আলো। এমনই ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘লাভ বার্ডস’ নাটকের প্রেমের কাহিনি।