র্যাম্প মডেল হিসেবে দেশ-বিদেশে পরিচিত মুখ খালেদ হোসেন চৌধুরী সুজন। দেশীয় পোশাক ও পণ্যের আন্তর্জাতিক প্রচারে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করছেন প্রচারবিমুখ এই মডেল। শোবিজের বিভিন্ন মাধ্যমে কাজ করলেও মডেল হিসেবেই তাঁকে বেশি সক্রিয় দেখা যায়।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্যাশন প্রতিষ্ঠান ‘লিব্যাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন খালেদ হোসেন চৌধুরী। প্রতিষ্ঠানটির হয়ে ফটোশুটেও অংশ নিয়েছেন তিনি। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের মডেল হিসেবে কাজ করার পর এবার যুক্তরাষ্ট্রের একটি ফ্যাশন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন এই মডেল।
এ প্রসঙ্গে খালেদ হোসেন চৌধুরী বলেন, ‘লিব্যাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারির মতো একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানের ফটোশুট করতে পেরে আমি বেশ গর্বিত। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এক বছরের জন্য প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের মডেল হয়ে প্রচার-প্রচারণায় অংশ নেব। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য লিব্যাস ফ্যাশন অ্যান্ড জুয়েলারির কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘এর আগে বাংলাদেশেও নামীদামি প্রতিষ্ঠানের পণ্যের মডেল হিসেবে কাজ করেছি। তবে দেশের বাইরে, তাও আবার যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। আশা করছি, ভালো কিছু হবে।’
প্রসঙ্গত, বাংলাদেশে মডেলিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪-এ শ্রেষ্ঠ মডেল হিসেবে পুরস্কৃত হন খালেদ হোসেন চৌধুরী সুজন।
এ ছাড়া ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ’ এবং ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট’ আসরে অন্যতম প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই মডেল ও অভিনেতা।

তারার আলো প্রতিবেদক, ঢাকাঃ 










