জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা রাজীব মণি দাস এবার যুক্তরাষ্ট্রে নির্মাণ করলেন সোনালী এক্সচেঞ্জ কোং ইনক.-এর একটি বিজ্ঞাপন। বিজ্ঞাপনটিতে অভিনয় করেছেন দর্শকনন্দিত অভিনেত্রী আফসান আরা বিন্দু, সোনালী এক্সচেঞ্জ কোং ইনক., যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবীর, আবু মুসা মাসুমসহ আরও অনেকে।
সোনালী এক্সচেঞ্জ বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি-এর শতভাগ মালিকানাধীন একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান। দীর্ঘ ৩২ বছর ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের রেমিট্যান্স সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে সোনালী এক্সচেঞ্জের ‘সেকি’ মোবাইল অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৯টি অঙ্গরাজ্য থেকে কোনো অতিরিক্ত খরচ বা ট্যাক্স ছাড়াই দিন-রাত যেকোনো সময় বাংলাদেশে অর্থ পাঠানোর সুবিধা রয়েছে।
রাজীব মণি দাস এর আগে বেশ কিছু বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে সোনালী এক্সচেঞ্জ কোং ইনক.-এর বিজ্ঞাপনটি নির্মাণ করলেন তিনি।
বিজ্ঞাপনের গল্প ও নির্মাণ প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, ‘ক্লায়েন্ট সব সময়ই এমন ব্যতিক্রমী গল্প, উপস্থাপন ও কনসেপ্ট খোঁজেন, যার মাধ্যমে স্বল্প সময়ে পণ্যের কৌশল ও সেবা সম্পর্কে দর্শককে ধারণা দেওয়া যায়। এবারের কনসেপ্টটি সোনালী এক্সচেঞ্জের সেবা কার্যক্রমের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিজ্ঞাপনটি নির্মাণ করেছি।’
যুক্তরাষ্ট্রে থেকে কীভাবে নির্মাণকাজ সম্পন্ন করেছেন—জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আসলে ইচ্ছাশক্তিই অনেক কঠিন বিষয়কে সহজ করে তোলে। আমি কোথায় আছি, সেটি মুখ্য বিষয় নয়; মুখ্য বিষয় হলো আমার ইচ্ছা। আর সেখানেই আমার নির্মাণের সার্থকতা।’
তিনি আরও বলেন, ‘গল্পটি শুধু একটি বিজ্ঞাপন নয়, বরং বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর সঠিক পদ্ধতিও তুলে ধরা হয়েছে। এটি দেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’
যুক্তরাষ্ট্রে কাজটি করতে গিয়ে নানা প্রতিকূলতারও মুখোমুখি হতে হয়েছে নির্মাতাকে। কারণ দেশের বাইরে লাইট, ক্যামেরা ও প্রয়োজনীয় প্রোডাকশন টিম সহজে পাওয়া যায় না। পাশাপাশি অভিনয়শিল্পীদেরও নানা ধরনের বাড়তি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
নির্মাতা আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের ৯টি অঙ্গরাজ্যসহ বাংলাদেশে বিজ্ঞাপনটির প্রচারণা চালানোর মাধ্যমে সোনালী এক্সচেঞ্জ কোং ইনক.-এর মাধ্যমে বাংলাদেশে বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ আরও বৃদ্ধি পাবে।

নিজস্ব প্রতিবেদকঃ 











