বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা পরিচালক নাজনীন হাসান খান

বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা পরিচালক নাজনীন হাসান খান

রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ২৪ আগস্ট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডের ১৪তম আসর। নাটক ও চলচ্চিত্র অঙ্গনের তারকা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের উপস্থিতিতে জমে ওঠে এবারের আয়োজন।

এবারের আসরে ‘সর্ব-প্যাথি ডাক্তার’ নাটকের জন্য সেরা পরিচালক হিসেবে সম্মাননা অর্জন করেছেন গুণী নাট্যনির্মাতা নাজনীন হাসান খান। নাটকটির গল্প, চরিত্র নির্মাণ, পারিবারিক ও সামাজিক বাস্তবতার উপস্থাপন এবং নির্মাণশৈলীর জন্য তাঁর কাজ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানে নাজনীন হাসান খানের হাতে সেরা পরিচালকের পুরস্কার তুলে দেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম। প্রিয় এই অভিনেতার হাত থেকে সম্মাননা গ্রহণের মুহূর্তটি নাজনীন হাসান খানের জন্য ছিল বিশেষ আনন্দ ও আবেগের।

পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে নাজনীন হাসান খান বলেন, “একজন নির্মাতার সবচেয়ে বড় প্রাপ্তি হলো তাঁর কাজ দর্শকের কাছে পৌঁছানো এবং ভালোবাসা পাওয়া। ‘সর্ব-প্যাথি ডাক্তার’ আমার জন্য বিশেষ একটি কাজ। এই নাটকের সঙ্গে যুক্ত প্রতিটি শিল্পী ও কলাকুশলী আন্তরিকতা দিয়ে কাজ করেছেন। তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আজকের এই সম্মান আমাকে আরও ভালো এবং অর্থবহ কাজ করার অনুপ্রেরণা দেবে।”

২০১০ সালে নাটক রচনার মাধ্যমে আত্মপ্রকাশের পর নাজনীন হাসান খান টেলিভিশন নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নির্মাণে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। এরই মধ্যে তিনি ৫০টির বেশি নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নির্মাণ করেছেন। পারিবারিক সম্পর্ক, সামাজিক বাস্তবতা এবং মানুষের জীবনের নানা গল্প তাঁর নির্মাণের অন্যতম বৈশিষ্ট্য। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মায়ের ইচ্ছা’ ও ‘আধুনিক চোর’।

নির্মাণকাজের স্বীকৃতি হিসেবে এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কারে সম্মানিত হয়েছেন নাজনীন হাসান খান। বাবিসাস অ্যাওয়ার্ড ২০২৪ এবং টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TRAB) অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি।

এবার ‘সর্ব-প্যাথি ডাক্তার’ নাটকের জন্য বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের সম্মাননা তাঁর দীর্ঘ নির্মাণযাত্রায় যোগ করল আরও একটি উল্লেখযোগ্য অর্জন। ধারাবাহিক সৃজনশীলতা ও জীবনঘনিষ্ঠ গল্প বলার মধ্য দিয়ে নাজনীন হাসান খান বাংলা নাটকের নির্মাণ অঙ্গনে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করে চলেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা শামীম জামান, অভিনেতা আখম হাসান, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই, দ্য ডেইলি সানের সাংবাদিক মো. জাহিদুল ইসলাম, অভিনেতা ফরিদ হোসেন, পরিচালক মো. ফাহাদ, নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মমিন সরকারসহ বিনোদন অঙ্গনের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।