এক দশক পর মুরাদ নূরের সুরে মুহিন খান 

এক দশক পর মুরাদ নূরের সুরে মুহিন খান 

শ্রোতাপ্রিয় তরুণ সুরকার মুরাদ নূর। সৃষ্টিশীলতায় ইতোমধ্যে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। তাঁর সুর ও কথায় তৈরি বেশ কয়েকটি গান দুই বাংলায় প্রশংসিত হওয়ার পাশাপাশি শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। অন্যদিকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার মুহিন খানও নিজের স্বকীয়তায় শতভাগ আপসহীন। প্রায় দশ বছর পর আবারও একসঙ্গে গান বাঁধলেন দুই বন্ধু মুরাদ নূর ও মুহিন খান। কবি ও চিকিৎসক ডা. রুখসানা পারভীন সুরমার কথায় মুরাদ নূরের সুরে কণ্ঠ দিয়েছেন মুহিন খান। ‘চল একদিন পাখি হই’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

নতুন গান প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন, দশ বছর আগে আমার সুরে একটি মিক্সড অ্যালবামে মুহিন গেয়েছিল। এরপর অডিওতে দুই বন্ধুর একসঙ্গে কাজ করা হয়নি। অনেকদিন পর আবারও দুই বন্ধু একসঙ্গে গান বাঁধতে পেরে ভালো লাগছে। সুরমা আপার বেশ কয়েকটি গান আগেও সুর করেছি। প্রকাশের পর সেগুলো অনেকের ভূয়সী প্রশংসা পেয়েছে। এটাও আশা করছি, গানটি সবার প্রশংসা পাবে। 

কণ্ঠশিল্পী মুহিন খান বলেন, চিকিৎসা পেশায় এত ব্যস্ততার পরও রুখসানা আপা লেখালেখি করেন—এটাই আমাকে মুগ্ধ করেছে। তাঁর লেখার ধরন গতানুগতিকতার বাইরে। শব্দচয়নে রয়েছে কাব্যিকতা। মেলো-রক ধাঁচের গানটি বন্ধু মুরাদ নূর খুব ভালোভাবে তৈরি করেছে। আমি কেবল কথা ও সুরের সঠিক উপস্থাপনের চেষ্টা করেছি। বাকিটা শ্রোতাদের মূল্যায়নের অপেক্ষায় আছি। 

নতুন গান প্রসঙ্গে সুরমা বলেন, পেশাগত কারণে প্রচুর ব্যস্ত থাকতে হয়। তাই ইচ্ছে থাকলেও অনেক সময় লেখা হয়ে ওঠে না। কিছু গানের কবিতা মুরাদ নূর সুর করেছিল, ‘চল একদিন পাখি হই’ তারই একটি। মুহিন খান খুবই ভালো গেয়েছে। আশা করছি, গানটি অনেকেরই ভালো লাগবে। 

জানা গেছে, ‘চল একদিন পাখি হই’ গানটি নূর ক্রিয়েশনসের ইউটিউব চ্যানেলসহ শিগগিরই প্রকাশিত হবে সব ডিজিটাল প্ল্যাটফর্মে।