ভালোবাসা, বিচ্ছেদ আর সম্পর্কের টানাপোড়েনের আবেগঘন গল্প নিয়ে নির্মিত একক নাটক ‘আমার রাজ্যে তুমি’ ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তির পরপরই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। নাটকটি নির্মাণের পর থেকে প্রশংসার জোয়ারে ভাসছেন তরুণ ও প্রতিশ্রুতিশীল নাট্যনির্মাতা মাসরিকুল আলম।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব (সিয়াম চরিত্রে), কেয়া পায়েল (নবনী চরিত্রে) এবং মালাইকা চৌধুরী (বৃষ্টি চরিত্রে)। সম্পর্কের গভীরতা, ভাগ্যের নির্মম বাস্তবতা ও আত্মত্যাগের গল্প নিয়ে সাজানো এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো পর্দা ভাগ করেছেন তৌসিফ ও মালাইকা। তবে নাটকের সুন্দর গল্পের পাশাপাশি বাড়তি নজর কেড়েছে ভোলা জেলার মনোরম ও বৈচিত্র্যময় লোকেশন।
নিজের জেলাকে পর্দার ক্যানভাসে ফুটিয়ে তুলতে পেরে এবং দর্শকদের ইতিবাচক সাড়া পেয়ে উচ্ছ্বসিত নির্দেশক মাসরিকুল আলম। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরিচালক মাসরিকুল আলম বলেন, ‘‘আমার রাজ্যে তুমি প্রকাশের পর থেকেই দর্শকদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা ও প্রশংসা পাচ্ছি, সত্যিই এটা আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের। বিশেষ করে নাটকটির গল্প, অভিনয় এবং ভোলার সুন্দর লোকেশন নিয়ে দর্শকদের আগ্রহ ও প্রশংসা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি অনেকদিন ধরেই চেয়েছি আমার নিজের জেলা ভোলার সৌন্দর্যকে গল্পের মাধ্যমে দেশের মানুষের সামনে তুলে ধরতে। আমার এবং তৌসিফ ভাই—দুজনেরই বাড়ি ভোলায়। তাই ভোলাকে ঘিরে কিছু করার ইচ্ছাটা আমার অনেক আগে থেকেই ছিল। আমার রাজ্যে তুমির মাধ্যমে সেই ইচ্ছাটা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি বলে মনে হচ্ছে।’
উপকূলীয় জেলা ভোলার সৌন্দর্যকে দেশজুড়ে পৌঁছে দেওয়া এবং দর্শকদের এই আগ্রহ নির্মাতার পরিশ্রমকে সার্থক করেছে। নাটকটির মুক্তির পর দর্শকদের অনুসন্ধিৎসা নিয়ে নির্মাতা বলেন,
‘নাটকটি দেখার পর অনেকেই ভোলার বিভিন্ন জায়গা সম্পর্কে জানতে চাইছেন, কোথায় শুটিং হয়েছে জানতে চাইছেন—এটা আমার কাছে খুবই আনন্দের বিষয়। কারণ শুধু একটি নাটক নির্মাণ নয়, নিজের জেলার সৌন্দর্য ও সম্ভাবনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা ছোট্ট চেষ্টা ছিল আমাদের।’
নিজের কাজের সুনির্দিষ্ট লক্ষ্য ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাসরিকুল আলম শেষ করেন,
‘দর্শকদের এই ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়া পুরো টিমের পরিশ্রমকে সার্থক করে দিয়েছে। যারা নাটকটি দেখেছেন এবং ভালোবাসা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি সামনে আরও ভালো কাজের মাধ্যমে দর্শকদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারব।’
