দ্বিতীয়বারের মতো বাভাসি’র বিচারক হলেন শামীম জামান

দ্বিতীয়বারের মতো বাভাসি’র বিচারক হলেন শামীম জামান

পর্দা নামল ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’-এর ১০ম আসরের। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ আয়োজনে দ্বিতীয়বারের মতো বিচারকের দায়িত্ব পালন করেছেন মেধাবী অভিনেতা ও পরিচালক শামীম জামান।

বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে বিচারকের দায়িত্বে আরও ছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও নির্মাতা নাজনীন হাসান খানসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের আয়োজক প্রতিনিধি কানু কুমার নাথ, নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন এবং দ্য ডেইলি সানের মো. জাহিদুল ইসলাম।

এ বছর দেশ-বিদেশ থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য পেনান্স’।

এ ছাড়া সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মেঘলা পিনারু (‘ব্যাড’), সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন কৌশিক গাঙ্গুলী (‘মেঘের পরে মেঘ’), সেরা মিউজিক ডিরেক্টরের পুরস্কার পেয়েছেন আদিত্য সন্ন্যাসী (‘দ্য পেনান্স’) এবং সেরা সম্পাদকের পুরস্কার পেয়েছেন নম্রতা রাও (‘রঙ পেন্সিল’)।

দ্বিতীয়বারের মতো বিচারকের দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে শামীম জামান বলেন, ‘আমি খুবই আনন্দিত। বিচারক হিসেবে আবারও আমার ওপর আস্থা রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ। এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে যারা নিজ নিজ মেধা ও যোগ্যতায় সেরাদের সেরা হওয়ার স্বীকৃতি অর্জন করেছেন, তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আশা করি, পুরস্কারপ্রাপ্তরা তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে নিজ মেধা ও যোগ্যতার মাধ্যমে আরও অনেক দূর এগিয়ে যাবেন।’

বাভাসি চলচ্চিত্র উৎসবের মাধ্যমে প্রতিবছর শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জাশিল্পী, শিল্প নির্দেশক, সম্পাদক ও আবহসংগীত সংশ্লিষ্টদের কাজ মূল্যায়ন করা হয়। মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শাখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণের পাশাপাশি নতুনদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিচ্ছে বাভাসি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।

নতুন নির্মাতা ও শিল্পীদের উৎসাহিত করা এবং চলচ্চিত্রের বিভিন্ন শাখায় মেধা ও সৃজনশীলতাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এই আয়োজন করে আসছে বাভাসি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।