মুন্সীগঞ্জে ১১০ কক্ষের সমন্বিত প্রবীণ নিবাস গড়বে অ্যাক্রো মেডিকেল

মুন্সীগঞ্জে ১১০ কক্ষের সমন্বিত প্রবীণ নিবাস গড়বে অ্যাক্রো মেডিকেল

ঢাকা: দেশে প্রবীণ স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে মুন্সীগঞ্জে ১১০ কক্ষবিশিষ্ট একটি সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার রেসিডেনশিয়াল ফ্যাসিলিটি নির্মাণের উদ্যোগ নিয়েছে অ্যাক্রো মেডিকেল লিমিটেড। এ লক্ষ্যে প্রকল্পটির স্থাপত্য পরিকল্পনা, প্রকৌশল নকশা ও অবকাঠামোগত পরামর্শসেবা প্রদানের জন্য বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি।

সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে প্রকল্পটির পরিকল্পনা ও নকশা প্রণয়নের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দেশের অন্যতম বৃহৎ সমন্বিত প্রবীণ নিবাস ও প্যালিয়েটিভ কেয়ার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে জানিয়েছে অ্যাক্রো মেডিকেল।

প্রতিষ্ঠানটির বিদ্যমান প্রবীণ সেবাকেন্দ্র ‘অ্যাক্রো প্রবীণ নিবাস’, যা ঢাকার আফতাবনগরে পরিচালিত হচ্ছে, তার অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নতুন ক্যাম্পাসে পরিকল্পিত আবাসিক পরিবেশে প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং পুনর্বাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দেওপাড়া ইউনিয়নে কোম্পানির নিজস্ব প্রায় ১৫০ শতক (১ দশমিক ৫ একর) জমির ওপর প্রকল্পটি নির্মাণ করা হবে। এখানে প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে পরিকল্পিত ১১০টি আবাসিক কক্ষ থাকবে। পাশাপাশি সহায়ক আবাসন, প্যালিয়েটিভ কেয়ার, হসপিস সেবা, দীর্ঘমেয়াদি নার্সিং কেয়ার এবং পুনর্বাসন সুবিধা প্রদান করা হবে।

এ ছাড়া ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নার্সিং ও কেয়ারগিভিং সেবা, অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান, ফিজিওথেরাপি, ডিমেনশিয়া ও দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনা এবং বিভিন্ন ওয়েলনেস কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের মাস্টারপ্ল্যানে সুসজ্জিত বাগান, হাঁটার পথ, বিনোদন কেন্দ্র, কমিউনিটি কার্যক্রমের স্থান, ডাইনিং সুবিধা, ক্যাফে এবং প্রবীণবান্ধব অবকাঠামোও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে বাসিন্দারা সক্রিয়, স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে গড় আয়ু বৃদ্ধি, দ্রুত নগরায়ণ, কর্মসংস্থানের জন্য দেশ-বিদেশে স্থানান্তর এবং একক পরিবারের সংখ্যা বাড়ার ফলে প্রবীণ জনগোষ্ঠীর জন্য প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা ও দীর্ঘমেয়াদি পরিচর্যার প্রয়োজনীয়তা বাড়ছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী বিডি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট প্রকল্পটির পূর্ণাঙ্গ স্থাপত্য ও প্রকৌশল পরামর্শসেবা প্রদান করবে। আধুনিক স্বাস্থ্যসেবা অবকাঠামো, টেকসই নির্মাণনীতি এবং আন্তর্জাতিক প্রবীণবান্ধব নকশা মানদণ্ড অনুসরণ করে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত অ্যাক্রো মেডিকেল লিমিটেড দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম (MCPA-Australia) বলেন, “আমাদের লক্ষ্য শুধু একটি আবাসিক ভবন নির্মাণ নয়; আমরা এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে প্রবীণরা মর্যাদা, সহানুভূতিশীল সেবা, মানসিক সমর্থন এবং নিরাপদ পরিবেশে জীবনযাপন করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই প্রকল্পটি বাংলাদেশের প্রবীণ স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

প্রকল্পটি বাস্তবায়িত হলে সমন্বিত প্যালিয়েটিভ কেয়ার, সহায়ক আবাসন এবং দীর্ঘমেয়াদি প্রবীণ পরিচর্যা সেবায় এটি দেশের স্বাস্থ্যখাতে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।