ঈদুল আজহায় নাজনীন হাসান খানের ‘রঙিন স্বপ্নের ফেরিওয়ালা’

ঈদুল আজহায় নাজনীন হাসান খানের ‘রঙিন স্বপ্নের ফেরিওয়ালা’

ঈদুল আজহা উপলক্ষে নাজনীন হাসান খান নির্মাণ করেছেন নতুন নাটক ‘রঙিন স্বপ্নের ফেরিওয়ালা’। নাটকটি রচনা ও চিত্রনাট্য করেছেন রাজীব মণি দাস।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, জান্নাতুন নূর মুন, কাজী রাজু, রেশমা আহমেদ, আশরাফুল আশিষ, ফরিদ হোসাইনসহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক নাজনীন হাসান খান বলেন, “একুশ বছর বয়সে তরুণ-তরুণীরা সাধারণত স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে চায়। তারা পুরনো ধ্যানধারণা ভেঙে নতুন কিছু করতে চায়। বাধা-বিপত্তি অতিক্রম করে ভালোবাসার মানুষকে নিয়ে একসঙ্গে জীবন গড়ার স্বপ্ন দেখে।”

রচনা ও চিত্রনাট্যকার রাজীব মণি দাস বলেন, “যৌবনই হলো সংগ্রামের সেরা সময়। নতুন পৃথিবীকে জানাতে চাই, আমরা এগিয়ে যাচ্ছি। রক্তের সম্পর্কের বাধা পেরিয়ে মানুষ যখন নিজের মতো করে বাঁচতে চায়, তখনই তার জীবন সংগ্রাম শুরু হয়। যে জীবনের লড়াইয়ে টিকে থাকে, সেই-ই প্রকৃত বীর।”

নাটকের কাহিনিতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে পড়াশোনা করা রিপা ও স্বপনের মধ্যে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পারিবারিক ও রাজনৈতিক জটিলতার কারণে তাদের সম্পর্ক নানা বাধার মুখে পড়ে। রিপার বড় ভাই স্থানীয় রাজনীতির প্রভাবশালী ব্যক্তি হওয়ায় সম্পর্কটি মেনে নিতে পারেন না এবং স্বপনের ওপর নির্যাতন চালানো হয়। পরে পরিস্থিতির চাপে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারা বিয়ে করে নতুন জীবন শুরু করে।

নতুন জীবনে অভাব-অনটনের মধ্যে তাদের সংগ্রাম চলতে থাকে। এক পর্যায়ে স্বপনের দেখা এক ভয়ংকর স্বপ্ন তাদের জীবনে বিভ্রান্তি সৃষ্টি করে। পরে জানা যায়, স্বপ্নে দেখা ঘটনার সময় রিপা তা বুঝতে পারে এবং পুরো বিষয়টি স্পষ্ট হয় যে এটি ছিল স্বপ্নমাত্র। এভাবেই বাস্তবতা ও স্বপ্নের টানাপোড়েনে এগিয়ে যায় নাটকের গল্প ‘রঙিন স্বপ্নের ফেরিওয়ালা’।