ঈদুল আজহা উপলক্ষে নির্মাতা নাজনীন হাসান খান নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘প্রণয়ের অমল কাব্য’। নাটকটি রচনা করেছেন অর্পনা রানী রাজবংশী।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, সুমাইয়া অর্পা, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, কাঁকন চৌধুরী ও ক্লিন্টন রোজারিওসহ আরও অনেকে।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা নাজনীন হাসান খান বলেন, “মানুষ অনেক সময় যা চায়, ভুল করেই চায়। আবার যা পায়, তা চায় না। নাটকের দীপিকা চরিত্রটির মধ্যেও সেই মানসিকতার প্রতিফলন দেখা যাবে। মানুষের কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নেওয়ার পরও তার চাওয়ার যেন শেষ নেই। একসময় সেই লোভই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।”
নাট্যকার অর্পনা রানী রাজবংশী বলেন, “মানুষের চাওয়া-পাওয়ার কোনো শেষ নেই। গল্পের প্রায় সব চরিত্রই অর্থলোভী। তারা মনে করে টাকাই জীবনের সবকিছু। অথচ মৃত্যুর সময় মানুষ কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না।”
গল্পে দেখা যায়, কোনো মানুষ জন্মগতভাবে খারাপ নয়। সমাজ, সংসার ও অভাব-অনটনের কারণে অনেকেই ভুল পথে পা বাড়ায়। তেমনি জীবিকার সন্ধানে তিন বন্ধু আবির, রতন ও রিপন গ্রাম ছেড়ে ঢাকায় আসে। কিন্তু কাজ না পেয়ে তারা শেষ পর্যন্ত প্রতারণাকেই পেশা হিসেবে বেছে নেয়। এরপর একের পর এক ঘটতে থাকে নানা মজার ঘটনা।
একসময় তাদের পরিচয় হয় দীপিকা নামের এক সুন্দরী তরুণীর সঙ্গে। তিন বন্ধু একে অন্যের অজান্তে মোবাইলে দীপিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। একইসঙ্গে দীপিকার আরেক শিকার স্থানীয় প্রভাবশালী মাস্তান মাহফুজ। পরিস্থিতি বুঝে দীপিকা কৌশলে তিন বন্ধুর বিশ্বাস অর্জন করে এবং তাদের অর্থ নিজের কাছে জমা রাখতে উদ্বুদ্ধ করে। একপর্যায়ে একই দিনে তিন বন্ধুকে বিয়ের প্রস্তাব দিলে গল্পে আসে নতুন মোড়।
