সাংস্কৃতিক অঙ্গনে সৃজনশীল অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন অভিনেতা শামীম জামান। তার অভিনীত নাটক ‘প্রেশার ম্যান’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেটে (৩ স্টার) ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় সুনিপুণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে শামীম জামানকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে অভিনেতা শামীম জামান বলেন, ‘যেকোনো পুরস্কারই আমাকে আনন্দ দেয়। একজন অভিনেতা হিসেবে দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তারপরও এ ধরনের স্বীকৃতি আমাকে সবসময় নতুন উদ্যমে ভালো কাজ করার অনুপ্রেরণা দেয় এবং দায়িত্বও বাড়িয়ে দেয়। মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬-এ শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।’
অনুষ্ঠানটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান, ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং দেশবরেণ্য নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানের নির্বাহী পরিচালক ছিলেন আর. কে. রিপন।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নিজ নিজ কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা গুণীজনদের কাজের স্বীকৃতি দিতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, অভিনেতা শামীম জামান নিয়মিতভাবে সৃজনশীল ও গল্পনির্ভর কাজ করে যাচ্ছেন। তার অভিনীত নাটক ‘প্রেশার ম্যান’ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। এবার নাটকটির জন্য শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা অর্জন করলেন তিনি।
মানবতার সেবায় জীবন উৎসর্গ করা মাদার তেরেসার আদর্শকে স্মরণ করে দেওয়া এ সম্মাননাকে আগামী দিনের কাজের অনুপ্রেরণা হিসেবে দেখছেন অভিনেতা শামীম জামান।

