মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন নাজনীন হাসান খান

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন নাজনীন হাসান খান

বিনোদন অঙ্গনে সৃজনশীল নির্মাণকর্মের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন পরিচালক নাজনীন হাসান খান। তার পরিচালিত নাটক ‘জামাই বাড়িতে ঈদ’-এর জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেটে (৩ স্টার) ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় নাট্য নির্মাণে অবদানের স্বীকৃতি হিসেবে নাজনীন হাসান খানের হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে নাজনীন হাসান খান বলেন, ‘এই সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দের ও সম্মানের। একজন নির্মাতা হিসেবে দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তবে এ ধরনের স্বীকৃতি নতুন উদ্যমে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। মাদার তেরেসার নামে এই সম্মাননা পাওয়ায় আমি সত্যিই কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময় এমন গল্প নিয়ে কাজ করতে চাই, যেখানে মানুষের জীবন, অনুভূতি এবং সমাজের বাস্তব চিত্র উঠে আসবে। নির্মাণ আমার ভালোবাসার জায়গা। দর্শকদের জন্য ভালো ও অর্থবহ কাজ উপহার দেওয়ার চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান, ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং দেশবরেণ্য নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানের নির্বাহী পরিচালক ছিলেন আর. কে. রিপন।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নিজ নিজ কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা গুণীজনদের কাজের স্বীকৃতি দিতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, পরিচালক নাজনীন হাসান খান নিয়মিতভাবে সৃজনশীল ও গল্পনির্ভর নির্মাণ নিয়ে কাজ করছেন। তার নির্মিত নাটক ‘জামাই বাড়িতে ঈদ’ দর্শকমহলে প্রশংসিত হয়েছে। এবার নাটকটির জন্য শ্রেষ্ঠ পরিচালকের সম্মাননা অর্জন করলেন তিনি।

মানবতার সেবায় জীবন উৎসর্গ করা মাদার তেরেসার আদর্শকে স্মরণ করে দেওয়া এ সম্মাননাকে আগামী দিনের কাজের অনুপ্রেরণা হিসেবে দেখছেন পরিচালক নাজনীন হাসান খান।