আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে জমে উঠবে রাজীব মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’

আর্জেন্টিনা-ব্রাজিল দ্বন্দ্বে জমে উঠবে রাজীব মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’

ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ। ফুটবলকে ঘিরে সব বয়সী মানুষের মধ্যে দেখা যায় উচ্ছ্বাস ও উন্মাদনা। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নাট্যকার রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে নির্মিত হয়েছে ব্যতিক্রমী নাটক ‘ফুটবল যুদ্ধ’। নাটকটি পরিচালনা করেছেন পলাশ মণি দাস।

নাটকে অভিনয় করেছেন আখম হাসান, পুনম হাসান জুঁই, কাজী রাজু, সাহেলা আক্তার, ফরিদ হোসাইন, জাহাঙ্গীর আলম, আলতাব হোসেন, আল মামুন রূপান্ত, আহমেদ রানা প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, “ফুটবল এ দেশের মানুষের প্রাণের খেলা। হাজার হাজার মাইল দূরে এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আমি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছি। এখান থেকে বিশ্বকাপকে ঘিরে নাটক না লিখে থাকতে পারিনি। দেশের মানুষ ও প্রবাসীদের কথা মাথায় রেখেই ‘ফুটবল যুদ্ধ’ রচনা করেছি। ফুটবল উন্মাদনা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, তার ব্যতিক্রমী কিছু দিক দর্শক নাটকটিতে দেখতে পাবেন।”

পরিচালক পলাশ মণি দাস বলেন, “ফুটবল বিশ্বকাপ এলেই দেশের মানুষ আনন্দে রাত জেগে খেলা উপভোগ করে। আর সেটা যদি আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ হয়, তাহলে তো কথাই নেই। ফুটবলকে ঘিরে বাংলাদেশ যেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পরিবার, বন্ধু কিংবা আত্মীয়দের মধ্যেও তৈরি হয় মজার দ্বন্দ্ব। সেই বাস্তব চিত্রই আমরা নাটকে তুলে ধরার চেষ্টা করেছি।”

নাটকের কাহিনিতে দেখা যায়, বিশ্বকাপ শুরু হলেই ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দলের জার্সি পরে এবং পতাকা উড়িয়ে সমর্থন প্রকাশ করেন। আর্জেন্টিনা সমর্থক শিপন ও ব্রাজিল সমর্থক লিনার প্রেমের সম্পর্কেও তৈরি হয় টানাপোড়েন। অন্যদিকে আরিফ তার কর্মচারীকে ব্রাজিল সমর্থন করতে বাধ্য করে। ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেও শুরু হয় তুমুল বিরোধ।

এদিকে রাহেলা তার স্বামী মিজান ব্রাজিল সমর্থন করায় তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে একসময় মিজানকে বাড়ি ছাড়তে হয়। পরে নতুন করে বিয়ে করার চিন্তা করলে পাত্রীর প্রধান যোগ্যতা হিসেবে ব্রাজিলের সমর্থক হওয়ার শর্ত জুড়ে দেন তিনি।

এছাড়া কার সমর্থক গোষ্ঠী বেশি শক্তিশালী, তা প্রমাণ করতে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের নানা হাস্যকর কর্মকাণ্ড নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। প্রেমিককে খুশি করতে লিনা দুই দেশের পতাকার রঙে তৈরি জার্সি পরে হাজির হয়। এমন নানা হাস্যরসাত্মক ঘটনার সমন্বয়ে নির্মিত হয়েছে ‘ফুটবল যুদ্ধ’।