জ্বালানির সঙ্গে নিত্যপণ‍্যের দামও ‘যৌক্তিকভাবে’ সমন্বয় হবে : ডা. জাহেদডা. জাহেদ উর রহমান

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ‘যৌক্তিকভাবে’ সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি জানান, জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় বৃদ্ধি পায়। যার প্রভাব পণ্যমূল্যেও পড়ে। তবে সরকার চেষ্টা করবে যাতে সাধারণ মানুষের ওপর চাপ কম পড়ে। এ জন্য পরিবহন ভাড়া যৌক্তিকভাবে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তিন স্তরে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়াও সমন্বয় করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা রাষ্ট্রীয় চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এসব চুক্তিকে সম্মান জানানো প্রয়োজন। তবে পক্ষে-বিপক্ষে আলোচনা হতে পারে এবং চুক্তির সময়কার প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া উচিত।

গণভোট বিষয়ে তিনি উল্লেখ করেন, এটিকে আইনে পরিণত করার প্রয়োজন নেই। যেসব অধ্যাদেশ সাংবিধানিকভাবে বাতিল হয়েছে, সেগুলো বিল আকারে সংসদে উত্থাপন করা হবে।

টিকাদান কর্মসূচির অগ্রগতি তুলে ধরে তিনি জানান, এখন পর্যন্ত ২৬ লাখ শিশু টিকা পেয়েছে। মোট ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক ঋণ প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নেওয়া হতে পারে। তবে সব শর্ত মেনে নেওয়ার বাধ্যবাধকতা নেই। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে ভর্তুকি কমবে বলেও জানান তিনি। সরকার জনগণের কল্যাণে ঋণ নেবে এবং তা সঠিকভাবে ব্যবহারের নিশ্চয়তা দেওয়া হয়।

এদিকে অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

আসন্ন পহেলা বৈশাখ উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, এ উৎসবকে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করা হবে। একইসঙ্গে নওরোজ উদযাপন নিয়েও পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন।