রাজধানীর উত্তরায় নতুন যাত্রা শুরু করল কাস্টিং হাউস ও মিডিয়া এজেন্সি ‘মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন’। গত ১৭ এপ্রিল একটি শুটিং হাউসে বিজ্ঞাপনচিত্রের শুটিং চলাকালীন কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, অভিনয়শিল্পী ও কাস্টিং ডিরেক্টর জাহিদ চৌধুরী জানান, অভিনয়ের পাশাপাশি তিনি গত পাঁচ বছর ধরে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তার ভাষায়, একজন অভিনয়শিল্পী হয়ে আরেকজন অভিনয়শিল্পীকে চরিত্র অনুযায়ী খুঁজে বের করা যেমন আনন্দের, তেমনি চ্যালেঞ্জিংও। তিনি বলেন, প্রায় ১৫ বছর আগে মিডিয়ায় কাজ শুরু করার সময় তিনি কোনো ধরনের সহযোগিতা পাননি। কোথায় কাজ করবেন বা কার সঙ্গে যোগাযোগ করবেন—এসব বিষয়েও স্পষ্ট ধারণা ছিল না।
জাহিদ চৌধুরী আরও বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে বিশেষ করে কলকাতায় অনেক বড় বড় কাস্টিং এজেন্সি থাকলেও বাংলাদেশে এখনো ভালো মানের প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। এ পেশাকে অনেকেই অবহেলার চোখে দেখলেও আন্তর্জাতিক অঙ্গনে এর যথেষ্ট সম্মান রয়েছে বলে তিনি উল্লেখ করেন। নতুন প্রতিভাদের সুযোগ করে দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ‘মাইন্ড ব্লোয়িং মিডিয়া কমিউনিকেশন’ থেকে নিয়মিত নাটক ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করা হবে। নতুন যারা অভিনয়ে আগ্রহী এবং মিডিয়ায় কাজ করতে চান, তাদের জন্য এটি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী বাজার কনস্যুমার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহিন আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ও মডেল শাহজাদা কবীর শুভ, সামিয়া সুলতানা, মিজান রহমান, শাহানা আহমেদ, প্রীতি জান্নাত মিষ্টি, বিপন চৌধুরী, জাহিদ তানজিরসহ আরও অনেকে। শিশু শিল্পীদের মধ্যে ছিলেন মাহবুবা মাহি, আদিবা চৌধুরী ও রাফি।
বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন এ এস ইমন এবং চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ নয়ন। নির্মিত বিজ্ঞাপনটি শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানা গেছে।

