গোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ শুরুগোবিপ্রবিতে কর্মকর্তাদের ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪০৭ নম্বর কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।

আজ (১৫ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেশন অনুষ্ঠিত হবে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। তিনি বলেন, ‘ই-কমিউনিকেশন ও ডিজিটাল অফিস ম্যানেজমেন্ট একটি সময়োপযোগী প্রশিক্ষণ। আমরা যদি কর্মকর্তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারি, তারাই স্মার্টভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারবে। এতে সময় সাশ্রয় হবে। তবে দুই দিনের প্রশিক্ষণ যথেষ্ট নয়— নিয়মিত অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘ডি-নথি আমাদের জন্য একটি নতুন বিষয়। ধীরে ধীরে আমরা উন্নতির পথে এগোচ্ছি। অনেক জায়গায় ডি-নথি চালু থাকলেও কাজের গতি এখনও প্রত্যাশিত নয়। আমরা আশাবাদী, পুরোপুরি ডি-নথিতে গেলে সিস্টেমে ইতিবাচক পরিবর্তন আসবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের মডেল প্রতিষ্ঠান গড়তে দক্ষ জনবল গড়ে তুলতে হবে— এই প্রশিক্ষণ তাতে বড় ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘আমরা পেপারলেস পদ্ধতিতে দ্রুত কাজ করব, সময় বাঁচাব— এটি এখন সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ ও গতিশীল রাখতে সময়মতো কাজ করার বিকল্প নেই। সবাই জবাবদিহিতা ও নিয়মানুবর্তিতার মধ্যে এলে উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলানো সম্ভব হবে।’

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স শাখার পরিচালক ড. দুর্গা রাণী সরকার। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন একই শাখার উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ।